মুক্তা কোথায় পাওয়া যায়?
এক বিশেষ ধরণের ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায়। ঝিনুকের খোলশের ভিতরে এদের দেহের চারিদিকে একটা বাইরের চামড়া আছে। এই চামড়ায় বালি বা অন্য কোনো ময়লার কণা আটকে গেলে তার চারিধার ঘিরে মুক্তা তৈরি হয়। এদের খোলশ যা নিয়ে তৈরি, মুক্তাও একই পদার্থের তৈরি।
কোন প্রাণী ফুল দিয়ে ঘর সাজায় ? মানুষ ছাড়া প্রকৃতিতে এক ধরণের পাখি ফুল দিয়ে ঘর সাজায়। নিউ গিনির জঙ্গলের ধারে এই মালি পাখি কুঁড়ে ঘরের মত দেখতে এক ধরনের ঘর বানায় এবং তার সামনের কিছু জমিতে রঙিন ফুল দিয়ে বাগান সাজায়। ফুল ছাড়াও এরা ঝিনুক এবং অন্যান্য রঙিন জিনিস দিয়ে তাদের বাগান সাজায়। সাজানোর সময় এরা নানাভাবে সাজিয়ে দেখে কোনভাবে সাজালে সবচেয়ে ভাল হয়।
সূর্যের তাপে গাছের পাতা গরম হয়ে শুকিয়ে যায় না কেন? সূর্যের আলো থেকেই গাছেরা খাদ্য তৈরি করে। সুতরাং গাছের পাতাকে উন্মুক্ত সূর্যের আলোতে থাকতেই হয়। এদের পাতা গরম হয়ে শুকিয়ে যায় না। কারণ পাতার পেছন দিক দিয়ে গাছ অবিরাম জলীয় পদার্থ বের করতে থাকে যার বাষ্পীয়ভবনের ফলে পাতা ঠাণ্ডা থাকে। এর এ জন্যই গাছের পাতা সূর্যের তাপে শুকিয়ে যায় না।
শীতে মানুষ কাঁপে কেন?
মানুষ উষ্ণ রক্তের জীব। মানুষের শরীরের উষ্ণতা ৩৭° সেলসিয়াসের দু'এক ডিগ্রির মধ্যে সর্বদা রাখতে হয়। মানুষের অভ্যন্তরে তাপ উৎপাদনের বিপাকীয় হার নির্ভর করে শারীরিক পরিশ্রমের উপর। শীতে দেহের উষ্ণতা কমতে থাকলে একটা স্বংক্রিয় প্রতিক্রিয়ায় মানুষ কাঁপতে থাকে ফলে আভ্যন্তরীণ তাপ উৎপাদনের হার বেড়ে গিয়ে শরীর আবার স্বাভাবিক উষ্ণতায় ফিরে আসে।